রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের জমি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পুঠিয়া-তাহেরপুর রাস্তার মোড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জায়গায় নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল। অভিযান চলাকালে তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা অবৈধভাবে দখলের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আগামী ৫ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার শিবু দাস (ভূমি) জানান, খাসজমি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কোনোভাবেই সরকারি সম্পদ বা দেবোত্তর সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।