পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বাজার মনিটরিং ও তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া।
ঈদকে কেন্দ্র করে কেনাকাটার ধুম পড়ায় বাজারের বিভিন্ন কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়া হয় যেন কোনোভাবেই ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম বা পণ্যমূল্য আদায় না করা হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
অভিযান চলাকালীন কেনাকাটায় বিভিন্ন অসংগতি এবং অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন ব্যবসায়ীকে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, পবিত্র রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এবং ক্রেতাদের সুবিধার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে।