1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৪:৫৩ অপরাহ্ন
বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম এবং সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতার সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এই আনন্দঘন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপাচার্য ও আমন্ত্রিত অতিথিদের নেতৃত্বে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। 
পরে বৃক্ষরোপণ শেষে সিনেট ভবনে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, "গৌরবের ৭৩ বছর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয় তার অনন্য অবদান ভবিষ্যতেও ধরে রাখবে।"
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মাঝে এক উৎসবের আমেজ বিরাজ করে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ