1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: ৬ পরীক্ষার্থীসহ আহত ৭, আশঙ্কাজনক ১

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৮:৫৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৮:৫৬:২২ অপরাহ্ন
বাগমারায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: ৬ পরীক্ষার্থীসহ আহত ৭, আশঙ্কাজনক ১


রাজশাহীর বাগমারায় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন পরীক্ষার্থীসহ মোট ৭ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
আহত পরীক্ষার্থীদের মধ্যে ইসরাত জাহান, নাসরিন আক্তার ও জান্নাতুন খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইসমত আরা কেয়া ও আম্বিয়া খাতুন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, পা ভেঙে যাওয়ার পরও অদম্য মানসিকতা নিয়ে ইকবাল হোসেন নামের এক পরীক্ষার্থী ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। দুর্ঘটনায় অটোরিকশা চালক গোলাম হোসেনও আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা সবাই হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
 
হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, "আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরীক্ষা দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। চিকিৎসাধীন শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
 
হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরীক্ষার্থীবাহী অটোরিকশাটি কেন্দ্রের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
 
পরীক্ষা দিতে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ