পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর সপুরা এলাকায় এ বৃক্ষরোপণ করা হয়। এ সময় মাদরাসা শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রবি। এতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু জাফর আলমগীর বাবু, ওয়ার্ড যুবদল আহবায়ক ইশতিয়াক আহমেদ সজল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য সোহানুর রহমান, সেলিম রেজা ও কাজী রুপমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন জাম, কাঁঠাল, পেয়ারা, খেঁজুর, লেবু, তেঁতুল, নীম, জলপাই, আমলকি, মেহগনি, কদবেল, নিম, কৃষ্ণচূড়া, নয়নতারা, বহরা, ছাতিম, দেবদারু ও জারুল ইত্যাদি গাছ উপহার দেওয়া হয় ও রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব ও আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রবি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ কর্মসূচি অব্যাহত রেখেছি। সবাইকে বৃক্ষরোপণ করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু। তাই গাছকে ভালবাসতে হবে। এ সময় কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
বিএলভির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। বৃক্ষরোপণ করে সবুজ বিপ্লব ঘটিয়ে পৃথিবীটাকে বাসযোগ্য করার লক্ষ্যে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। সবাইকে নিজ নিজ বাসা ও অফিসে বৃক্ষরোপণ করতে হবে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী সংগঠনটির কর্মসূচিকে সাধুবাদ জানান। বৃক্ষরোপণে সবুজ বিপ্লব ঘটিয়ে বাসযোগ্য পৃথিবী গড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করেন তারা। কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মুনাজাত করা হয়।