চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রুমন আলী (২৩) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে পুটিমারী বিলের একটি আখক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পুলিশ সুপার জানান, গত ২১ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুমন আলী। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াসিম ওরফে অসিম রুমনকে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুটিমারী বিলের একটি আখক্ষেত থেকে রুমনের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় রুমনের ব্যবহৃত অটোরিকশা, মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ওয়াসিম ওরফে অসিম, রফিকুল আলম ও উমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। রুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রুমনকে অপহরণের প্রতিবাদে গত সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিংক মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
দৈনিক সোনালী রাজশাহী / মোঃ মারুফ হোসেন