রাজশাহীর পুঠিয়ায় পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা।
বিক্ষোভে কৃষকরা অভিযোগ করেন, জমি প্রস্তুত ও ফসল রোপণের গুরুত্বপূর্ণ সময়ে ডিলারদের কাছে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। কোথাও সার থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে তা দেওয়া হচ্ছে না। আবার কালোবাজারে চড়া দামে সার বিক্রির অভিযোগও করেন তারা।
কৃষকদের দাবি, দ্রুত ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, লিয়াকত সালমান,উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাসসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। দ্রুত সার সংকট সমাধান ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন,পরে যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, তার কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি বলেন আমার জরুরী কাজ আছে আমাকে যেতে হবে । এরপরও তাকে একাধিকবার ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত সার সংকটের সমাধান না হলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা