রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শাহনাজ পারভিন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের চকপলাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ পারভিন শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ পারভিন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুইজন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেন। এতে শাহনাজ পারভিনসহ মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।
আহত অবস্থায় তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহনাজ পারভিনকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে থাকা আহত দুইজন হলেন, জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আলমগীরের ছেলে খালেদ (১৪) ও নুরুলের ছেলে নীরব (১৭)। তারা গুরুতর আহত অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।