চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার এবং ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে বক্তারা জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহুরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা।
এছাড়াও কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আশা করা হচ্ছে।