গাইবান্ধা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জ্বালানি সংকট ও অতিরিক্ত দামের চাপে পিষ্ট সাধারণ মানুষের স্বস্তি দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা শহরের গ্যাস সংকটপূর্ণ এলাকায় ন্যায্যমূল্যে একদিনের বিশেষ 'এলপি গ্যাস সিলিন্ডার ক্যাম্পেইন' অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে গাইবান্ধা সদর উপজেলার শাপলা মিল এলাকায় মেঘনা ফ্রেশ এলপি গ্যাসের পরিবেশক মেসার্স নীলা ফারিহা এন্টারপ্রাইজ-এর সৌজন্যে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বর্তমানে খোলা বাজারে একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডার রিফিল করতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। সেখানে এই বিশেষ ক্যাম্পেইনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মাত্র ১ হাজার ৩৪১ টাকায় গ্যাস সরবরাহ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে কৃত্রিম সংকটের অজুহাতে নির্ধারিত দামের চেয়ে ৪০০-৫০০ টাকা বেশি দরে গ্যাস বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শাপলা মিল এলাকায় ন্যায্যমূল্যে গ্যাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
ক্যাম্পেইনে আসা একাধিক ভোক্তা জানান:
"রমজানের এই সময়ে রান্নার গ্যাসের দাম নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম। বাজারের চেয়ে অনেক কম দামে সরাসরি সিলিন্ডার পাওয়ায় আমাদের অনেক বড় উপকার হলো।"
আয়োজক প্রতিষ্ঠান মেসার্স নীলা ফারিহা এন্টারপ্রাইজ জানায়, জনভোগান্তি লাঘব এবং বাজার স্থিতিশীল রাখতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা মনে করছেন, ফ্রেশ গ্যাস কোম্পানির এই উদ্যোগ বাজারে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত ও বিস্তৃত হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা অনেকাংশে কমে আসবে।