এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল করেছে এনসিপি।
শনিবার (২৩ মে) রাত ৮টায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
রাজশাহী মহানগর এনসিপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গণকপাড়া, মালোপাড়া, সোনদীঘি মোড়, রাজশাহী কলেজ ও মনি চত্বর হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট ঘুরে বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "সন্ত্রাসী কায়দায় নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা চালিয়ে তারা প্রমাণ করেছে, ফ্যাসিবাদী কায়দায় তারা নিজেদের পতন ডেকে আনছে। ঠিক যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছিল, এদের পরিণতিও তাই হবে। আমরা এই দেশে নতুন করে কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান হতে দেব না।"
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।" অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোতালেব হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান, যুবশক্তি রাজশাহী মহানগরের যুগ্ম সদস্য সচিব শোয়াইব আহমেদ, এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবির হাসান রুদ্র এবং যুগ্ম সদস্য সচিব সাকিব আহমেদ প্রমুখ।