রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুঠিয়ার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার মৃত রিয়াজ প্রামাণিকের দুই ছেলে আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক।
আহতরা হলেন, একই এলাকার হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে অটোরিকশায় চড়ে চার যাত্রী রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে (নাটোরগামী) আসা ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের একটি ক্যারেট বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং বাকি তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর ভাইয়েরও মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রাহমান জানান, "ঘটনাস্থলে একজন এবং রামেক হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"