আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৩০:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:৩০:৪০ পূর্বাহ্ন

সিজ একাডেমির ফেয়ারওয়েল ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত


 
 
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সিজ একাডেমি অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্টের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ফেয়ারওয়েল অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এ. জে. এম. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক। অনুষ্ঠানের আয়োজক ছিলেন সিজ একাডেমি অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী (সিইও) মো. হাসিবুর রহমান।
 
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ইসলামী গজল, সংগীত পরিবেশনা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, ভিডিও প্রেজেন্টেশন এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
 
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এ. জে. এম. মাসুদুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, আধুনিক প্রযুক্তিতে পারদর্শিতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিজেকে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি মো. ওমর ফারুক শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মোট পাঁচটি ব্যাচের ১৫৫ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষকবৃন্দের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধ কর্মজীবনের শুভকামনা জানিয়ে ‘ফেয়ারওয়েল অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708