আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৪:১৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৪:১৪:৪৩ অপরাহ্ন

“কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজশাহীতে”


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মহানগর শাখার নেতাকর্মীরা। মিছিল থেকে দেশবিরোধী অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রা স্মৃতি অম্লান মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি ভদ্রা মোড় হয়ে প্রধান সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এতে মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
 
মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিলো, বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, ‘লিটন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এবং রনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
 
এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের গতিবিধি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ভদ্রা এলাকা থেকে মিছিলের রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
পুলিশের এক কর্মকর্তা জানান, মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় যুবলীগের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে প্রতিহত করা হবে। তারা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708