আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৪:২৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৪:৩৫:৩৪ অপরাহ্ন

কৃষকের মাঠে যখন তীব্র সার সংকট, ঠিক তখনই এক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে মিলল বিপুল পরিমাণ অবৈধ মজুত করা সার

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, কৃষকদের ক্ষোভ


সোহানুর রহমান, দুর্গাপুর থেকে: 
কৃষকের মাঠে যখন তীব্র সার সংকট, ঠিক তখনই এক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে মিলল বিপুল পরিমাণ অবৈধ মজুত করা সার।

রাজশাহীর দুর্গাপুরে গভীর রাতে অভিযান চালিয়ে ৬৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ২ নম্বর কিসমত গনকৈড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ইল গ্রামে এ অভিযান চালানো হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী।
​​​​
 
অভিযান সূত্রে জানা গেছে, আড়ইল গ্রামের সাইদুর রহমান নামের এক কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে তাঁর বাড়ি থেকে ২৪৬ বস্তা ইউরিয়া, ৩২৪ বস্তা ডিএপি এবং ১০০ বস্তা টিএসপি সহ মোট ৬৭০ বস্তা সার জব্দ করা হয়। অভিযুক্ত সাইদুরের পুঠিয়া উপজেলায় একটি কীটনাশকের দোকান রয়েছে। তিনি মৃত লসিরের ছেলে।
 
স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে মাঠে সারের তীব্র সংকট চলায় তাঁরা চাষাবাদ নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন। প্রয়োজনের সময় সার না পেয়ে যখন হাহাকার চলছে, ঠিক তখন একজন ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে শত শত বস্তা অবৈধ সার জব্দের ঘটনায় সার সরবরাহ ও তদারকি ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
 
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ অবৈধ সার জব্দ করতে সক্ষম হয়েছি। কৃষকদের স্বার্থে জব্দ করা এসব সার দ্রুত সরকার নির্ধারিত মূল্যে তাঁদের মাঝে বিতরণ করা হবে।
 
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা জানান, বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬৭০ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে। এসব সার সরকারি নিয়মে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে এবং কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। সারগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা বা কালোবাজারির উদ্দেশ্য রয়েছে কি না, তা কৃষি অফিসের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। অনিয়মের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708