আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৪:২২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৪:২২:০২ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে দুর্গাপুরে উঠান বৈঠক মশারি পেল ৪৫ পরিবার


 
দুর্গাপুর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজশাহীর দুর্গাপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ছিন্নমূল ও দুস্থ ৪৫টি পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে দুর্গাপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার দেবীপুর আশ্রয়ণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে আশ্রয়ণের বাসিন্দাদের সচেতন করা হয়।
বৈঠক শেষে আশ্রয়ণে বসবাসকারী ৪৫টি পরিবারের হাতে মশারি তুলে দেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী সাহাবুল হক, কার্য সহকারী রতন কুমার ঘোষসহ সংশ্লিষ্টরা।
লায়লা নূর তানজু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তাই ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার জন্য তিনি আহ্বান জানান।
পৌর প্রশাসক বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই গড়ে তুলতে হবে। শিশুদেরও ছোটবেলা থেকে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708